• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা 

     adminm 
    09th Nov 2026 12:38 pm  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:  পিছিয়ে পড়েও ফারমিন লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোববারের এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

    দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো পিছিয়ে আছে আরও দুই পয়েন্টে।

    মেট্রোপলিতানো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১০ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। তবে বিরতির কিছুক্ষণ আগে বার্সেলোনাকে সমতায় ফেরান লোপেজ।

    দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার। নিজেদের সেরা খেলাটা খেলতে না পারলেও গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

    গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাথলেটিকো। এবার এই জয়ের মাধ্যমে কিছুটা হলেও প্রতিশোধ নিল কাতালানরা।

    ম্যাচ শেষে লোপেজ বলেন, “গত মৌসুমের কথা মাথায় রেখে আমরা জানতাম তারা কী ধরনের খেলা উপহার দেবে, ম্যাচটি খুব কঠিন হবে। তাদের গোলের পর প্রথমার্ধে আমাদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তবে আমার মনে হয়, আমরা জানতাম কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি।”

    সম্প্রতি পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সমালোচনার মুখে পড়েছিল কোচ হান্সি ফ্লিকের দল। তবে বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতা আবারও প্রমাণ করেছে তারা।

    ফ্লিক বলেন, “এই ধরনের ম্যাচ জেতার মতো সক্ষমতা আমাদের আছে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। এখানে জয় পাওয়া মোটেও সহজ নয়।”

    পরাজয়ের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, “অভিযোগ করার মতো কিছুই নেই। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। আমি এখান থেকে এটা জেনেই যাচ্ছি, আমরা এখনো গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমাদের উন্নতির আরও জায়গা আছে এবং কিছু খেলোয়াড়ের আরও বেড়ে ওঠা প্রয়োজন।”

    ম্যাচের শুরুটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। প্রথম দিকেই দুই দল একবার করে গোলপোস্টে বল লাগায়। গ্রীষ্মকালীন দলবদলে অ্যাথলেটিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়া জুলিয়ান আলভারেজ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কাটিয়েও গোল করতে পারেননি। রক্ষণভাগের খেলোয়াড়রা তাঁর পথ আটকে দেন।

    এরপর কর্নার থেকে অ্যাথলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। অন্য প্রান্তে লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রির নেওয়া জোরালো শটও পোস্টে লেগে ফিরে আসে।

    ১০ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগ ভেঙে এগিয়ে যায় অ্যাথলেটিকো। আলভারেজের ক্রসে পোস্টের কাছ থেকে বল জালে পাঠান জুলিয়ানো সিমিওনে।

    দ্বিতীয় গোলের জন্য চেষ্টা চালিয়ে যান আলভারেজ। গার্সিয়া তাঁর একটি প্রচেষ্টা আটকে দেন। এ সময় বার্সেলোনাও নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে লড়াই করছিল।

    তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সে ঢোকার পথে বাধা পেয়ে লোপেজ বলের নিয়ন্ত্রণ হারালেও ফিরতি বল পেয়ে শট নেন তিনি। ইয়ান ওবলাককে পরাস্ত করে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

    দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো সুযোগ পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান আলভারেজ। গোলরক্ষককে একা পেয়েও সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।

    আলভারেজের সেই ব্যর্থতার মাশুল দিতে হয় অ্যাথলেটিকোকে। কিছুক্ষণ পরই এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের দারুণ পাস অ্যাথলেটিকোর রক্ষণভাগ ভেদ করে পৌঁছে যায় লোপেজের কাছে। ঠান্ডা মাথায় ওবলাককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল।

    দিনের অন্য ম্যাচে চতুর্থ স্থানে থাকা রিয়াল বেতিস এলচেকে ২-০ গোলে হারিয়েছে। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে রায়ো ভায়েকানোকে পরাজিত করেছে। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। সেল্টা ভিগো ও লেভান্তের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর