কুমিল্লা প্রতিনিধি: নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু-এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ভবন দুটির নির্মাণকাজ পরিদর্শন করা হয়।
অভিযানকালে ভবন দুটির অনুমোদিত নকশা, নির্মাণকাজের বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট নির্মাণবিধি পরিপালনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এ সময় সংশ্লিষ্টদের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা এবং প্রচলিত নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশায় উল্লেখ থাকা বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চলছিল।
প্রাথমিক পরিদর্শন ও অভিযোগের বিষয়টি যাচাই-বাছাইয়ের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট আইন-বিধি অমান্য করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও নির্ধারিত বিধিবিধান মেনে চলা নিশ্চিত করতে নগরীতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Array
