আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েল কর্তৃক ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের খুঁজে বের করার লক্ষ্যে ১৯ জুলাই চালু হওয়া শহীদদের মরদেহ উদ্ধার প্রকল্পের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে এই উদ্ধারকার্যগুলো সম্পন্ন করা হয়। উদ্ধারকারী দলগুলোর কাছে সীমিত সরঞ্জাম ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এই অভিযান সফলভাবে পরিচালিত হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের জেইতুন ও ইয়ারমুক মহল্লায় হাজ্জি ও আল-নাদিম পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ১৬ ফিলিস্তিনির মরদেহ এবং নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ওয়ার পরিবারের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও, ভারী সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধার অভিযান ধীর গতিতে চলছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এই চুক্তিতে ধ্বংসস্তূপ সরানো এবং হতাহতদের উদ্ধারের জন্য যন্ত্রপাতি প্রবেশের সুযোগ রাখা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে গাজার সরকারি গণমাধ্যম জানায়, ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন।
Array
