মোঃ ইমরান হোসেন: কুমিল্লা-৬ আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কুমিল্লা-৬ আসনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্রকল্প গ্রহণ ও অনুমোদনের বিষয়েও আলোচনা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, কুমিল্লার জনসাধারণের চাহিদা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় মন্ত্রী ড. মঈন খান প্রতিনিধি দলের উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমনসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য।
Array
