• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • দিনাজপুরে উদ্ধার ৩২ কেজির প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর 

     adminm 
    15th Oct 2026 2:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   জেলায় বিজিবির অভিযানে উদ্ধার করা ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তিটি প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ বৃহস্পতিবার বিকেলে ৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এমএম জিল্লুর রহমান এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
    তিনি বলেন, আজ বিকেলে সাড়ে ৪ টায় আদালতের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি উদ্ধারকৃত মূর্তিটি জেলার কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

    বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে দিনাজপুর সদর উপজেলার চাতরাপাড়া এলাকা থেকে ১ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের ১টি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মূর্তিসহ আটক ব্যক্তিকে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। তবে থানায় মূর্তিটি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সেটি ৪২ বিজিবির হেফাজতে রাখা হয়েছিল।

    পরবর্তীতে গত ৭ অক্টোবর দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. শামিউল ইসলামের আদেশ মতে উদ্ধার করা মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

    দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বাসসকে বলেন, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। তাই প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

    তিনি বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার করা প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সে গুলোর সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।

    দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র পাচার, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর